উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কোপাল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে উত্ত্যক্ত করত বখাটেরা। প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আহত মো. শামসুল আলমকে গতকাল সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে শহরের বাহারছড়া বাজার থেকে কেনাকাটা করে রিকশাযোগে দক্ষিণ বাহারছড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন শামসুল আলম। পথে স্থানীয় দুলাল বাহিনীর সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথা, পা ও হাত কেটে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে ব্যবসায়ী শামসুল আলম জানান, এলাকার বখাটে ছেলেরা তাঁর কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করত। প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবরে তিনি আবেদন করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম সারওয়ার জানান, মস্তিষ্কে আঘাত পেয়েছেন শামসুল আলম।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে।