উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীর প্রতিষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীর কোচিং সেন্টারে হামলা করেছে বখাটেরা। এতে অন্তত তিনজন আহত হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে উপজেলার নাজিরহাট কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন স্থানীয় নিউরন কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ হাসান, তাঁর ভাতিজা শাহাদাত ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আমানুল্লাহ।
হামলার শিকার মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার আমার স্ত্রী কলেজে যাওয়ার পথে মো. বাবলুসহ কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর প্রতিবাদ করলে তাৎক্ষণিক ক্ষমা প্রার্থনা করে চলে যায়। তবে রাতে ফোন করে দেখে নেওয়ার হুমকি দেয়।’ হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাকিম প্রথম আলোকে জানান, উত্ত্যক্তের প্রতিবাদের জের ধরে গতকাল সকালে ১৫-২০ জন বখাটে হাসানের কোচিং সেন্টারে হামলা চালায়। হামলাকারীরা এ সময় কোচিং সেন্টার থেকে তিনটি ল্যাপটপ নিয়ে যায়। হামলার ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এস আই নুরুল হাকিম।