উত্ত্যক্তের প্রতিবাদ করায় গলা কেটে হত্যা?
ঢাকার আশুলিয়ায় গত শনিবার শান্ত লাল নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শান্তর পরিবার অভিযোগ করেছে, তাঁর বোনকে উত্ত্যক্ত করেছিল স্থানীয় এক বখাটে৷ এর প্রতিবাদ করায় ওই বখাটে তাঁকে হত্যা করেছে৷
শান্ত লাল (১৮) আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটিয়া এলাকার মিন্টু লালের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় তাঁর বাবা মিন্টু লাল গতকাল রোববার আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন৷
আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শান্ত গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। গতকাল সকালে বাড়ির পাশে একটি বাগানে তাঁর গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে শান্তর লাশ শনাক্ত করেন। পরে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মিন্টু লাল অভিযোগ করেন, মোস্তাফিজুর রহমান নামের তাঁদের এক প্রতিবেশী তরুণ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। কয়েকদিন আগে শান্ত এর প্রতিবাদ করায় মোস্তাফিজ তাঁর (শান্ত) সঙ্গে অশালীন আচরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে শান্ত তাকে মারধর করেন। ওই ঘটনার জের ধরেই মোস্তাফিজ অন্যদের সহায়তায় তাঁর ছেলেকে হত্যা করেছে। এ ব্যাপারে মোস্তাফিজুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি৷ তাঁর বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি৷
আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আগের শত্রুতার জের ধরে কেউ তাঁকে হত্যা করতে পারে৷