উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত রোববার কলেজছাত্র সেলিম আহমেদকে (২২) ছুরিকাঘাত করা হয়েছে।গুরুতর আহত অবস্থায় সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় একটি মামলা হয়েছে। এদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদে এবং ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে গুজিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা মিছিল করেছে। পরে তারা ক্লাস বর্জন করে এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।এলাকাবাসী জানান, এনায়েতপুর গ্রামের বোরহান আলী প্রধান (২৫) নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। রোববার বিকেলে ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে উত্তর শ্যামপুর গ্রাম এলাকায় বোরহান তার হাত ধরে টানাহেঁচড়া করেন। এ সময় ওই গ্রামের সেলিম এর প্রতিবাদ করলে বোরহান তাঁকে ছুরি দিয়ে ১০-১২টি আঘাত করেন। পরে গ্রামবাসী বোরহানকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজামেঞ্চল হক বলেন, ‘বিদ্যালয়ে নিয়মিত ২৫০ জন ছাত্রী উপস্থিত থাকে। কিন্তু ভয়ে আজ (সোমবার) ১০০-১১০ জন ছাত্রী উপস্থিত আছে। ওই বখাটের কারণে ছাত্রীরা অতিষ্ঠ।’