উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রের দাঁত ভাঙল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত সোমবার যশোর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রুহিতোষ দাসকে মারধর করে দাঁত ভেঙে দিয়েছে বখাটেরা। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল আটটায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সেবা কর্যক্রম বন্ধ করে দেন। এ সময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে যশোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে সেবা কার্যক্রম স্বাভাবিক হয়।
যশোর মেডিকেল কলেজের ভবন নির্মাণাধীন থাকায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের কার্যক্রম চালানো হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের ক্যাম্পাসে দুই ছেলেমেয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকজন বখাটে তাঁদের উত্ত্যক্ত করছিল। পাশেই ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নেওয়া মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করেন। তখন বখাটেরা চার ছাত্রকে মারধর করে পালিয়ে যায়। এর মধ্যে রুহিতোষকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।
তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে গতকাল সকাল আটটার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য সময়সীমা বেঁধে দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আবু জাহিদ জানান, রুহিতোষের একটি দাঁত ভেঙে গেছে। তাঁর মুখে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, ছাত্রদের নিরাপত্তা, শিগগিরই কলেজের নিজস্ব ক্যাম্পাসে যাওয়াসহ ছাত্রদের দাবিগুলো জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, সন্দেহভাজন দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। প্রকৃত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।