উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুজনকে পিটিয়ে জখম
বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ কামিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত সোমবার দুপুরে বখাটেরা হামলা চালিয়ে দুই ছাত্রকে পিটিয়ে জখম করেছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসায় যাতায়াতের পথে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন কাছেমাবাদ গ্রামের সোহেল সরদার (২৪)। এ ঘটনায় ওই ছাত্রী গত বুধবার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার হোসেনের কাছে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উত্ত্যক্ত করার মাত্রা আরও বাড়িয়ে দেন সোহেল। গত সোমবার দুপুরে ওই ছাত্রীর মামা মো. আনিচ সরদার ও একই মাদ্রাসার ছাত্র মো. তুর্জন খন্দকার সোহেলকে শাসিয়ে দেন। এর জের ধরে বেলা একটার দিকে সোহেল ও তাঁর সহযোগী শাহীন সরদারসহ সাত-আটজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তুর্জন খন্দকারের ওপর হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে জখম করে। তুর্জনের চিৎকারে তাঁর চাচাতো ভাই আরমান খন্দকার এগিয়ে এলে বখাটেরা তাঁকেও পিটিয়ে জখম করে। হামলার প্রতিবাদে মাদ্রাসা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ও ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় মাদ্রাসাছাত্রীর মামা আনিচ সরদার গৌরনদী থানায় সোমবার একটি মামলা করেছেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।