উত্ত্যক্তের প্রতিবাদ করায় ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজ থেকে ফেরার পথে এক ছাত্রীকে (১৮) ধর্ষণ করেছে রাজু মিয়া (২২) নামের এক তরুণ। গত বুধবার বিকেলে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৪ ঘণ্টার মধ্যে আসামি রাজু মিয়াকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান হাসপাতালে কলেজছাত্রীকে দেখতে যান এবং আর্থিক সহযোগিতা করেন। তিনি বলেন, বিষয়টি খুবই হূদয়বিদারক। আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন। ওই কলেজছাত্রীর পালক বাবা বাদী হয়ে গত বুধবার রাতে রাজু মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে কসবা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।
রাজু মিয়া (২২) কসবা পৌর শহরের কালিকাপুর গ্রামের জরিপ মিয়ার ছেলে। তিনি কসবা পুরাতন বাজারের একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করেন। তাঁর বাবা জরিপ মিয়া ভ্যানগাড়িচালক।
হাসপাতাল, পুলিশ, মামলার এজাহার, কলেজছাত্রী ও তার পরিবারের কাছে জানা যায়, মেয়েটির মা-বাবা বেঁচে নেই। পালক বাবার সঙ্গে থাকে এবং স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিদিন কলেজে আসা-যাওয়ার পথে রাজু মিয়া তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। মেয়েটি গত বুধবার সকালে কলেজে যাওয়ার পথে রাজুর উত্ত্যক্তের প্রতিবাদ করে। কলেজ শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে দানু কবিরাজের বাড়ির সামনে এলে রাজু মিয়া তাকে তুলে নিয়ে যান। পরে পরিত্যক্ত বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে রাজু তাকে ফেলে রেখে পালিয়ে যান।
পরে পরিবারের লোকজন বিকেলে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী বলে, ছেলেটি রাস্তার পাশে একটি আসবাবপত্রের দোকানে কাজ করে। কলেজে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় তাকে তুলে নিয়ে যায়।
কলেজের অধ্যক্ষ বলেন, মেয়েটি নিয়মিত কলেজে আসে। নির্যাতনকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যাতে তার শাস্তি দেখে অন্য কোনো বখাটে এ ধরনের কাজ না করে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা বলেন, কলেজছাত্রীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া বলেন, রাজু মিয়াকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে। তিনি বাবাসহ পালিয়েছেন।