উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটে পেটাল কলেজছাত্রীকে
উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় এক কলেজছাত্রীকে পিটিয়েছে স্থানীয় এক বখাটে যুবক। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রী কুষ্টিয়া সরকারি কলেজে পড়েন। মারধরের পর আহত অবস্থায় উদ্ধার করে তাঁর বান্ধবীরা তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ছাত্রীটি কলেজের সামনে কোর্টপাড়ায় একটি ছাত্রীনিবাসে থাকেন। মারধরের প্রতিবাদে রাতে ওই ছাত্রীনিবাসের অর্ধশতাধিক ছাত্রী থানায় অবস্থান নেন।
থানার ভেতরে অবস্থান নেওয়া ছাত্রীরা জানান, সরকারি কলেজের সামনে একটি ছাত্রীনিবাসে কলেজের ১৫০ জন ছাত্রী থাকেন। আজ সন্ধ্যা সাতটার দিকে তাঁরা তিন বান্ধবী মিলে পাশের একটি দোকানে তেল কিনতে গিয়েছিলেন।
হাসপাতালে চিকিত্সাধীন ঘটনার শিকার ছাত্রী প্রথম আলোকে জানান, তেল নিয়ে ফেরার পথে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ী যুবক তাঁদের উদ্দেশ করে অশালীন কথা বলতে থাকে। প্রতিবাদ করলে বখাটে যুবক বলে, ‘তোদের মতো মেয়েদের চেনা আছে। তোরা আমার পায়ের জুতা মোছারও যোগ্যতা রাখিস না। সুন্দরী কথা বল।’ একপর্যায়ে যুবকটি পেছন থেকে তাঁকে লাথি মারে। এরপর গালে চড় মারতে থাকে। তিনি পড়ে গেলে হাতে থাকা লাঠি দিয়ে তাঁকে পেটাতে থাকে। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে ছাত্রীনিবাসের ছাত্রীরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় অন্য ছাত্রীরা নিপীড়নকারী যুবককে গ্রেপ্তারের দাবিতে থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।
ছাত্রীরা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, এক ঘণ্টা হয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। থানার ওসি ধমক দিয়ে থানা থেকে বের হয়ে যেতে বলেন। তার পরও তাঁরা যুবকটিকে গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে নয়টা পর্যন্ত থানায় ছিলেন।
ছাত্রীদের অভিযোগ, ওই যুবক প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করে। কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক হাসান সরোয়ার বলেন, আহত ছাত্রীর বাম কানে আঘাত লাগায় রক্তক্ষরণ হয়েছে। এতে তিনি কানে কিছুটা কম শুনছেন। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, যুবককে গ্রেপ্তারে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।