উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের মারধর, ছাত্রীর বাবা আহত
বগুড়ার ধুনট উপজেলায় গত সোমবার স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে ও তাঁর লোকজনের মারধরে মেয়ের বাবা আহত হয়েছেন। এ ঘটনায় স্কুলছাত্রী ওই দিনই বখাটে কামরুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ধুনট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেলকুচি গ্রামের খলিলুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২০) ধুনট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রায় এক বছর ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। ২৬ মার্চ ধুনট ডিগ্রি কলেজ মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে ওই ছাত্রী বাড়ি ফিরছিল। পথে পশ্চিম ভরণশাহী গ্রামের রাস্তায় পৌঁছালে বেলা দেড়টার দিকে কামরুল ইসলাম তার পথ রোধ করেন এবং সিনেমা দেখার কথা বলে হাত ধরে টানাহেঁচড়া করেন। ছাত্রীর বাবা এ সময় ওই পথ ধরেই ধুনট বাজারে যাচ্ছিলেন। তিনি এ দৃশ্য দেখে বখাটের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন এবং কথা-কাটাকাটির একপর্যায়ে বখাটেকে চড় মারেন। স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে উভয় পক্ষকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। কামরুল ইসলাম বাড়িতে ফিরে তাঁর অভিভাবকদের বিষয়টি ভিন্নভাবে জানান। এতে তাঁর বাবা ও ভাই ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর বাবাকে মারধরের উদ্দেশ্যে রাস্তায় অবস্থান নেন। বিকেল পাঁচটায় ছাত্রীর বাবা আবারও ধুনট বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে সেলামগাড়ি বিলের ধারে পৌঁছান। সেখানে ছেলের বাবা খলিলুর রহমান ও ভাই শাহ আলী ওই ছাত্রীর বাবাকে পিটিয়ে জখম করেন। স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে মেয়ের বাবাকে আহতাবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ছাত্রীর বাবার অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বখাটে কামরুল ইসলাম, তাঁর বাবা খলিলুর রহমান ও ভাই শাহ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বখাটের বাবা খলিলুর রহমান বলেন, ‘ওই ছাত্রীর বাবা আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করেছেন। ঘটনার সঙ্গে আমার ছেলে কামরুল জড়িত নয়। ঘটনার কথা জানতে গেলে মেয়ের বাবা উল্টো আমাদের মারধর করেছেন।’