গত শুক্রবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ‘মা-জননী সেতু’ এলাকায় এ ঘটনা ঘটে
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-ভাইকে পিটিয়ে জখম
পরিবারের সঙ্গে চলনবিলে বেড়াতে গিয়ে উত্ত্যক্তের শিকার হয়েছে স্কুল ও কলেজপড়ুয়া দুই ছাত্রী। এই ঘটনার প্রতিবাদ করায় ওই দুই ছাত্রীর বাবা (৫২) ও বড় ভাইকে (২২) পিটিয়ে জখম করেছে উত্ত্যক্তকারীরা। তাদের ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ‘মা-জননী সেতু’ এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগী পরিবারটি এ ঘটনায় মামলা করেনি। তবে স্থানীয়ভাবে বিষয়টি আপসের চেষ্টা চলছে বলে ছাত্রীদেরবাবা জানান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজার এলাকা থেকে ওই শিক্ষক পরিবারের সদস্যদের নিয়ে চলনবিলে বেড়াতে যান।
ফেরার পথে সন্ধ্যায় চলনবিলের মাঝে ‘মা-জননী সেতু’র ওপর পরিবারের সদস্যরা কিছুক্ষণ অবস্থান করার সময়খুবজীপুর গ্রামের রনি (১৮), টিটু (১৯), সবুজসহ (২০) সাত-আটজন ওই দুই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এর প্রতিবাদ করলে তাদের শিক্ষক বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন তাঁরা। এ সময় বাবাকেরক্ষা করতে ছাত্রীদের ভাই এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে জখম করা হয়। রাতেই মেয়ের ভাইকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুই ছাত্রীর বাবা বলেন, ‘শুক্রবার রাতেই এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়। পরে পারিবারিক সম্মানের কথা চিন্তা করে আরেকটি বিশেষ মহলের অনুরোধের পরিপ্রেক্ষিতে মামলার প্রক্রিয়া থেকে সরে আসতে বাধ্য হয়েছি।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত টিটুর বাবা বলেন, তাঁর ছেলে এ ঘটনায় জড়িত নন। অভিযুক্ত রনির বাবার মুঠোফোনে ফোন করলে তাঁর বোন ফোন ধরে বলেন, বাবা বাড়ি নেই।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তারিকুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।