উত্ত্যক্তকরণের প্রতিবাদ করার জেরে খুলনায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরীকে হত্যা করা হয়েছে। হত্যার আগে পারভীনকে ধর্ষণ করা হয়। এতে পাঁচজন অংশ নেয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মো. লিটন ১৬৪ ধারায় জবানবন্দিতে এ কথা বলেছে। তিনি গতকাল সোমবার দুপুরে খুলনা মহানগর হাকিম আয়শা আক্তারের আদালতে এ স্বীকারোক্তি দেন।
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মনিরুজ্জামান ও লবণচরা থানার ওসি মোশারফ হোসেন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মোশারফ বলেন, বাবা-মেয়েকে হত্যায় জড়িত সন্দেহে গত রোববার রাতে নগরের বুড়ো মৌলভীর মাজার এলাকা থেকে লিটনকে (২৮) গ্রেপ্তার করা হয়। এরপর থানায় জিজ্ঞাসাবাদে তিনি এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। গতকাল সকাল ১০টার দিকে তাঁকে মহানগর হাকিম আয়শা আক্তারের আদালতে নেওয়া হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
লিটনের জবানবন্দির বরাত দিয়ে ওসি মোশারফ আরও বলেন, বুড়ো মৌলভীর দরগা এলাকার লিটনসহ কয়েকজন পারভীনকে (২৬) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। কয়েক মাস আগে লিটন তাঁর ওড়না ধরে টান দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা খাবারের বাটি দিয়ে পারভীন তাঁকে আঘাত করেন। এর প্রতিশোধ নিতে লিটন স্থানীয় আরও চারজনকে সঙ্গে নিয়ে গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মই দিয়ে দেয়াল পার হয়ে পারভীনদের বাড়ির ভেতর ঢোকেন। তাঁরা প্রথমে পারভীনের বাবা ইলিয়াসকে (৬০) শ্বাসরোধে হত্যা করেন। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে ধর্ষণ শেষে পারভীনকেও হত্যা করা হয়। পরে ঘরের বাইরে সেপটিক ট্যাংকে ফেলে লাশ দুটি গুমের চেষ্টা করেন। গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় তাঁরা আলমারি থেকে ৮০ হাজার টাকা নিয়ে যান। পরে এই টাকা ভাগাভাগি করে যে যাঁর মতো চলে যান। অন্য চারজন আত্মগোপন করলেও লিটন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি পালিয়ে যাননি বলেও উল্লেখ করেন। জবানবন্দি শেষে তাঁকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া এই মামলার আরেক আসামি ভ্যানচালক নওয়াব আলীকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।