উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর, চারজন আহত
বগুড়ার ধুনটে এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাঁর নানাসহ চারজনকে পিটিয়ে আহত করেছে উত্ত্যক্তকারী ও তার পক্ষের লোকজন। এ সময় পাল্টা হামলায় উত্ত্যক্তকারীর পক্ষের দুই তরুণও আহত হন।
এ ঘটনায় ওই তরুণীর নানা খোকা মণ্ডল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে উত্ত্যক্তকারী আল আমিনসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলা দায়েরের পর থেকে আল আমিন পলাতক রয়েছেন।
খোকা মণ্ডল বলেন, ‘আমার নাতনির (১৭) প্রায় আট মাস আগে পাশের গ্রামে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে নলডাঙ্গা গ্রামের মোস্তাক আকন্দের ছেলে আল আমিন আমার নাতনিকে মুঠোফোনে গালিগালাজসহ নানা ধরনের জ্বালাযন্ত্রণা করছে। ঘটনা জানার পর আমি আল আমিনের বাবার কাছে বিচার দিই। এতে আল আমিন ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা বাজার এলাকায় আমাকেসহ আমার দুই ছেলে ও পুত্রবধূকে মারধর করেছে। তাদের মারধরে আমার মাথা ফেটে গেছে ও ছেলে সোহরাবের চারটি দাঁত ভেঙে গেছে।’
আল আমিনের মা ফিরোজা খাতুন বলেন, ‘আমার ছেলের কোনো দোষ নাই। খোকা মণ্ডল তাঁর নাতনির ঘটনা নিয়ে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আগে তারাই মারধর করেছে। এতে আমার ছেলেসহ চারজন আহত হয়েছে। বর্তমানে দুজন হাসপাতালে আছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, ফিরোজা বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে গতকাল শনিবার একটি অভিযোগ দায়ের করেছেন। এটিও মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়াধীন রয়েছে।