উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর, বখাটের কারাদণ্ড
যশোরের কেশবপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল সোমবার ওই ছাত্রী, তার মা ও ভাই মারধরের শিকার হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উত্ত্যক্তকারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
ইউএনওর কার্যালয় ওই ছাত্রীর পরিবার সূত্র জানায়, ওই ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গা এলাকার মেহেদি হাসান (২৫) নামের এক ব্যক্তি উত্ত্যক্ত করে আসছিলেন। গত রোববার স্কুলে যাওয়ার পথে তিনি পথরোধ করে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি ওই ছাত্রীকে মারধর করেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনওর কাছে বিষয়টি লিখিতভাবে জানালে তিনি অভিযোগটি থানায় পাঠান। এর পরিপ্রেক্ষিতে বেলা দুইটার দিকে পুলিশ মেহেদিকে বাড়ি থেকে আটক করে। পরে ইউএনও আদালত বসিয়ে মেহেদিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওই ছাত্রীর মা বলেন, ইউএনওর কাছে অভিযোগ করলে বেলা দেড়টার দিকে মেহেদির পরিবারের রুবেল ও সোহেল নামের দুজন তাঁদের বাড়ির টালি ও টিন ভাঙচুর করে। ওই দুজন তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করে।
ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ‘এলাকার কাউন্সিলরকে মেয়েটির পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য বলেছি। পাশাপাশি মেয়েটির বাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
ওসি শহীদুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রীর বাড়িতে ভাঙচুর বা তাদের নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’