উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীদের উত্ত্যক্তে (ইভ টিজিং) বাধা দেওয়ায় বখাটেরা আবুল কাশেম খান নামে এক ব্যক্তিকে মারধর করেছে। গতকাল শনিবার সকালে রাজধানীর রায়েরবাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। আবুল কাশেম রায়েরবাজার স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি। এ ঘটনার পর স্থানীয় লোকজন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রায়েরবাজার এলাকায় বিক্ষোভ করেছে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মো. আবুল কাশেম রায়েরবাজার স্কুল অ্যান্ড কলেজের জামে মসজিদের নির্মাণকাজ দেখতে যান। এ সময় কয়েকজন বখাটে স্কুলের ফটকের পাশে আড্ডা দিচ্ছিল। আবুল কাশেম তাদের সেখান থেকে চলে যেতে বলেন। বখাটেরা তাঁর কথায় কর্ণপাত না করে মেয়েদের উদ্দেশ করে হাসি-ঠাট্টা করতে থাকে। তাদের কয়েকজন মোটরসাইকেলে চড়ে ফটকের সামনে মেয়েদের উত্ত্যক্ত করে। এ সময় আবুল কাশেম ওই বখাটেদের স্কুলের ফটকের সামনে থেকে চলে যেতে বললে টিটু নামের একজন তার নাকের ওপর ঘুষি মারে। একই সঙ্গে ওই বখাটের সহযোগীরাও তাঁকে মারধর করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে আবুল কাশেম স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।এ ঘটনায় স্থানীয় লোকজন হামলাকালীদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ করেছে। এলাকাবাসী জানান, ওই বখাটেরা প্রায় প্রতিদিনই স্কুলের ফটকের সামনে আড্ডা দেয়। মোটরসাইকেল নিয়ে স্কুলের সামনে ঘোরাঘুরি করে।আবুল কাশেম বলেন, সমাজের কাজ করতে গিয়ে এভাবে লাঞ্ছিত হওয়ার মতো লজ্জা ও অপমানের আর কী থাকতে পারে? যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। তবে কেউ গ্রেপ্তার হয়নি।