উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলে ঢুকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই বিদ্যালয়ে ঢুকে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চার ছাত্র আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

 হামলার ঘটনার বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জগন্নাথপুর পৌর শহরের আবদুল খালিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন স্থানীয় পারুয়া এলাকার বাসিন্দা তারেক মিয়া ওরফে বাবর (১৮)। গত সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে বাবর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে ছাত্রীর চাচাতো ভাই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এর প্রতিবাদ করে।

এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে বাবর কয়েকজনকে নিয়ে বিদ্যালয়ে গিয়ে ছাত্রীর চাচাতো ভাইকে মারধর শুরু করলে অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসে। এ সময় বখাটেদের মারধরে আনহার মিয়া, আতিকুর রহমান, কুতুব উদ্দিন ও রনি আহমেদ আহত হয়। একপর্যায়ে সব শিক্ষার্থী বের হয়ে এলে বাবরসহ অন্যরা চলে যান। পরে হামলাকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়।

ওই ছাত্রী জানায়, ১৫ দিন ধরে বাবর তাকে উত্ত্যক্ত করছেন। সোমবার বাড়ি ফেরার পথে তার ওড়না ধরে টানাটানি করেন। এ সময় তার চাচাতো ভাই প্রতিবাদ করলে বাবর তাকে কিলঘুষি মারেন।

এ বিষয়ে কথা বলার জন্য বাবরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেছেন, পুলিশ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসেছে। তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।

ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, তিনি বিষয়টি জানার পরই পুলিশকে আইনি ব্যবস্থা নিতে বলেছেন। একই সঙ্গে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমানকে দায়িত্ব দিয়েছেন।