উত্ত্যক্তের প্রতিবাদ করায় হত্যার হুমকি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছে একই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রতিবাদ করলে ওই ছাত্রী এবং তাঁর সহপাঠীদের হত্যা ও পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছে উত্ত্যক্তকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আইন অনুষদ চত্বরে এ ঘটনা ঘটে। আইন অনুষদ চত্বর ও কলেজটি পাশাপাশি অবস্থিত।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী ওই ছাত্রী বিভাগের সম্মেলন কক্ষের দিকে যাওয়ার সময় একা পেয়ে কলেজের কয়েকজন ছাত্র উত্ত্যক্ত করে। এ সময় ওই ছাত্রীর সহপাঠীরা এসে এর প্রতিবাদ করলে উত্ত্যক্তকারী ছাত্ররা তাঁদের হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের মুজাহিদ, দ্বিতীয় বর্ষের সাদাফ হোসেন ও বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের হিমু নামের তিন শিক্ষার্থীর নাম উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগ দিয়েছেন আইন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, ‘ক্যাম্পাসে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
এসব ঘটনা শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি। দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমরা ছাত্রী উত্ত্যক্ত ও হুমকির বিষয়ে দুটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’