উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে রায়হানপুর ইউনিয়নের সিদাম মিয়ার হাটে এ ঘটনা ঘটে।
এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এক বখাটে ও তার সহযোগীরা। বুধবার ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার চালিনগর সড়কে এ ঘটনা ঘটে। বখাটেদের হামলায় আহত ওই দাদা (৭০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পিঠ, দুই হাত ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
মঠবাড়িয়ার মেয়েটির বাবা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে রায়হানপুর গ্রামের এমাদুল ও রিফাত শিকদার তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছেন। বুধবার রাত ১০টার দিকে সিদাম মিয়ার হাটে এ নিয়ে রিফাতের বাবা মাসুম শিকদারের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মাসুম শিকদার তাঁর হাতে থাকা টর্চলাইট দিয়ে তাঁকে (মেয়েটির বাবা) আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটিকে উত্ত্যক্ত করার ঘটনা তার বাবা আমাকে কয়েকবার জানিয়েছেন।’ এ ব্যাপারে মাসুম শিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
বোয়ালমারীতে আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ওই ব্যক্তির বড় ছেলেমেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয় ও কোচিংয়ে যাওয়া-আসার পথে মধুখালী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মিঠুন দাস (২৪) তাঁকে উত্ত্যক্ত করতেন। উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে প্রথমে দুই পরিবারের মধ্যে আলোচনা করে সমঝোতা করার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা বিফল হওয়ায় ওই ছাত্রীর বাবা ও দাদা বিষয়টি বোয়ালমারী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধাকে জানান।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, মিজানুর রহমান ২৩ মার্চ মিঠুনের বড় ভাই অনল দাসকে ডেকে আনেন এবং তিন দিনের মধ্যে মিঠুনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। বুধবার ছিল এই তিন দিনের শেষ দিন। কিন্তু বুধবার রাতেই মিঠুন পাঁচ-ছয়জন সহযোগীকে নিয়ে তাঁর বাবাকে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে মিঠুন দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা আমরা শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’