উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, চারজন আহত
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে বিজয়া দশমীর মেলায় বখাটের উৎপাতের প্রতিবাদ করতে গিয়ে পূজা কমিটির তিন-চারজন সদস্য হামলার শিকার হয়েছেন। পরে রায়গ্রামের লোকজন কয়েকজন বখাটেকে পিটুনি দেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গ্রাম বটতলা সর্বজনীন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।পুলিশ দুই বখাটেকে রাতেই আটক করে লোহাগড়া থানায় নিয়ে গেছে। আটক বখাটেরা হচ্ছে, নড়াইল সদর উপজেলার ভুমুরদিয়া গ্রামের রফিকুল ইসলাম (২২) ও সিরাজুল মোল্লা (২৩)। এ ঘটনার পর থেকে নবগঙ্গা নদীর এক পারে লোহাগড়া উপজেলার ছয়টি গ্রামের লোকজন হামলার আতঙ্কে আছে। মেলায় বখাটেদের হামলার শিকার লোকজন ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর নড়াইল সদর উপজেলার ভুমুরদিয়া গ্রামের চার-পাঁচজন বখাটে মেলায় এসে তরুণীদের উত্ত্যক্ত করতে থাকে। পূজা কমিটির লোকজন প্রতিবাদ করলে বখাটেরা ফোন করে আরও সাঙ্গপাঙ্গ মেলায় জড়ো করে। এ সময় তিন-চারটি মোটরসাইকেলে করে ভুমুরদিয়া গ্রামের রফিকুল, সিরাজুল ও শহীদুল, পাইকমারী গ্রামের দেলোয়ার ও শিমুল এবং তালতলা গ্রামের মজনুসহ ১০-১২ জন এসে পূজা কমিটির সদস্যদের ওপর হামলা করে। এতে তিন-চারজন আহত হন। এ সময় রায়গ্রামের লোকজন কয়েকজন বখাটেকে পিটুনি দেন। এলাকাবাসী জানান, এ ঘটনার পর রাতে নবগঙ্গা নদীর অপর পারে নড়াইল সদর উপজেলার ফেদি বাজারে রায়গ্রামের ব্যবসায়ী আবু জাফরকে ভুমুরদিয়া, ফেদি ও পাইকমারী গ্রামের লোকজন মারধর করে। এরপর থেকে নদীর অপর পারের লোহাগড়া উপজেলার রায়গ্রাম, কলাগাছি, কাঞ্চনপুর, কাংকুল, হালনা ও বাড়িভাঙ্গা গ্রামের লোকজন ফেদি বাজার ও নড়াইলে যেতে ভয় পাচ্ছেন। এমনকি ভয়ে তাঁরা লোহাগড়া থানায় গিয়ে মামলাও করতে পারছেন না।পূজা কমিটির সভাপতি বিজয় সাহা ও সাধারণ সম্পাদক দিলীপ পালসহ অন্যরা সাংবাদিকদের সঙ্গে ভয়ে কথা বলতে রাজি হননি।স্থানীয় ইউপি সদস্য (৮ নম্বর ওয়ার্ড) মাহাবুবুর রহমান শেখ জানান, এই ছয়টি গ্রাম হিন্দু অধ্যুষিত। এখানকার লোকজনের ওপর নড়াইল সদর উপজেলার ভুমুরদিয়া, ফেদি ও পাইকমারীর লোকজন যেকোনো সময় হামলা করতে পারে—এ আশঙ্কায় সবাই উদ্বিগ্ন।লোহাগড়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মীর মনিরুজ্জামান জানান, বখাটেরা সদর উপজেলার লোক, তাই লোহাগড়ার এই ছয় গ্রামের লোকজন আতঙ্কে আছেন। মামলা করতেও সাহস পাচ্ছেন না।