উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আহত ২
মানিকগঞ্জ পৌর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে কলেজছাত্রী ও গৃহবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো পৌর এলাকার খান বাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আল-আমিন (১৭) ও মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমন হোসেন (১৪)। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকার এক গৃহবধূ স্থানীয় খান বাহাদুর আওলাদ হোসেন কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। কলেজে ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে স্বর্ণকারপট্টি এলাকার সাদ্দাম হোসেন (২৪) প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন।
গতকাল সকাল ১০টার দিকে কেনাকাটার জন্য ওই গৃহবধূ স্বামীর সঙ্গে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় স্বর্ণকারপট্টি এলাকায় তোতা মিয়া মার্কেটের সামনে সাদ্দাম, বলাই, তুষার, পিন্টু, করিম, রফিক ও আমিনুর স্বামীর সামনেই তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করলে ওই যুবকেরা তাকে মারধর করে। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে আল-আমিন ও ইমন এগিয়ে এলে তাদেরও তোতা মিয়ার মার্কেটের ভেতরে নিয়ে বেদম মারধর করে ওই যুবকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আমিন ও ইমনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।