উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আহত ৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উত্ত্যক্তকারী ও তাঁর সহযোগীদের হামলায় এক কিশোরীসহ তিনজন আহত হয়েছেন। ওই কিশোরীকে (১৩) উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত শুক্রবার এ হামলা চালানো হয়৷
এলাকার অনেকে ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের জুয়েল মিয়া (২৫) ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। পরে মেয়েটির পিরবারের সদস্যরা তাঁকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন৷ এবং ফের উত্ত্যক্ত করলে তাঁর (জুয়েল) বিরুদ্ধে মামলা করা হবে বলে সতর্ক করেন৷ এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় জুয়েলের নেতৃত্বে জুবেল মিয়া (২৭), বাবুল মিয়া (৪০) ও দু্ই নারী লাঠিসোঁটা ও দা নিয়ে অতর্কিতে ওই কিশোরীর বাড়িতে হামলা চালান। হামলায় ওই কিশোরী, তার চাচা (৪২) ও আরেক আত্মীয় আহত হন।
হামলাকারীদের দায়ের কোপে গুরুতর আহত কিশোরীর চাচাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে জুয়েলের বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি৷ তবে অভিযুক্তদের নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় জানান, ওই কিশোরীকে উত্ত্যক্ত করার মতো ঘটনা ঘটেনি। জমির বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি মামলা চলছে। এর জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে।
মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রথম আলোকে জানান, মামলার তদন্ত চলছে। তদন্তের পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।