উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের সদর উপজেলায় দুই কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। সোমবার উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। কুপিয়ে যাঁদের জখম করা হয়েছে, তাঁরা হলেন গোবরা গ্রামের আ. মতিন সিকদার ও আরিফ। অন্য তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁদের নাম জানা যায়নি।গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গোবরা গ্রামে গত সোমবার জসিম চৌধুরীর বউভাত ছিল। ওই অনুষ্ঠানে দাওয়াতে এসে দুই তরুণী পাশের লঞ্চঘাটে ঘুরতে যায়। সেখানে রুবেল সিকদার, অন্তর সিকদার ও মুরসালিন সিকদার তাদের উত্ত্যক্ত করে। এ সময় এলাকাবাসী ওই তিন বখাটেকে আটক করেন। পরে জসিম চৌধুরীর ভাই মতিন চৌধুরী এসে আটক তিন তরুণকে মুরব্বিদের হাতে তুলে দেন।এর জের ধরে গত মঙ্গলবার রুবেল, অন্তর ও মুরসালিন গোবরা নিলারমাঠ ব্রিজের পাশে মতিন সিকদার ও আরিফকে কুপিয়ে এবং অন্য তিনজনকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় গোবরা ও সোনাকুড় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ ওই রাতে উভয় পক্ষের ১৩ জনকে গ্রেপ্তার করে। গত বুধবার তাঁদের দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।