উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় একটি হিন্দু পরিবারের ওপর হামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় ওই পরিবারের সদস্যসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন খগেন্দ্র কুমার ভৌমিক (৭০), নন্দ দুলাল ভৌমিক (৪২) ও ধীরেন্দ্র কুমার ভৌমিক (৫০)। আহত অপর তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সময় স্থানীয় লোকজন কামাল হোসেন নামের এক ‘হামলাকারী’কে ধরে পুলিশে দিয়েছেন।
হামলায় আহত ব্যক্তিদের স্বজন সন্তোষ চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ির পাশ দিয়ে যাওয়া সড়ক দিয়ে কুতুবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াত করে। তিন-চার দিন আগে স্থানীয় বখাটে ফাহিম, সাগর, জামালসহ কয়েকজন যুবক বিদ্যালয়গামী ছাত্রীদের নানা কটূক্তি করে। এ সময় তাঁর বাবা (সন্তোষ) খগেন্দ্র কুমার ভৌমিক ঘটনার প্রতিবাদ জানান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বখাটেরা তাঁর বাবাকে হুমকি দিয়ে যায়।
সন্তোষ চন্দ্র নাথ অভিযোগ করেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই বখাটেরাসহ সাত-আট যুবককে বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখেন তাঁর (সন্তোষ) বড় ভাই নন্দ দুলাল ভৌমিক। নন্দ দুলাল তাঁদের এভাবে ঘোরাফেরার কারণ জিজ্ঞেস করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে আসা যুবকেরা তাঁর ওপর হামলা চালায়। এ পর্যায়ে ছেলেকে রক্ষা করতে এসে বাবা খগেন্দ্র কুমার ও চাচা ধীরেন্দ্র কুমারসহ আরও পাঁচজন হামলার শিকার হন। এ সময় স্থানীয় লোকজন কামাল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে দেন।
জানতে চাইলে ঘটনাটি হামলা নয়, দুই পক্ষের মারামারি বলে দাবি করেছেন বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, বাড়ির সামনের বাঁশের মাচায় বসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মারামারি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে এক যুবককে আটক করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।