উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে গত মঙ্গলবার রাতের এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।
আহত মশিউর মোল্লা (২২), দুলাল মোল্লা (১৮), নাইম মোল্লা (১৭) ও নূরজাহান বেগমকে (৫৫) গুরুতর অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উত্তর মুরাদিয়া গ্রামের জয়গুণনেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যায় এলাকার সাবেক ইউপি সদস্য মৃত আবদুল কুদ্দুস মোল্লার বাড়ির পাশে দেখে এক অটোরিকশাচালক উত্ত্যক্ত করেন। তা দেখে বাড়ির লোকজন এর প্রতিবাদ জানান এবং বাহাদুর নামের একজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাহাদুর সেখান থেকে চলে যান। রাত সাড়ে সাতটার দিকে এলাকার ১০ থেকে ১২ জনকে নিয়ে বাহাদুর ওই কিশোরীর বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় বাড়ির নারীসহ চারজন আহত হয়। এদিকে হামলা চলাকালে ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ধরার জন্য ধাওয়া করে তিনজনকে আটক করেন। তবে অন্যরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাবু ফরাজি (২০), রনি চৌকিদার (১৯) ও কামাল গাজী (২০)। তাঁদের বাড়ি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কদমতলা গ্রামে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বলেন, এ ঘটনায় ওই বাড়ির আহত মশিউর মোল্লা বাদী হয়ে একটি মামলা করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।