উত্ত্যক্তের শিকার কলেজছাত্রীর ভাইকে মারধরের ঘটনায় মামলা
লালমনিরহাটে উত্ত্যক্তের শিকার কলেজছাত্রীর ভাইকে মারধরের ঘটনায় গতকাল শুক্রবার লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। ছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন লালমনিরহাট শহরের বালাটারী এলাকার মো. সামছুল হক, মনিরুল ইসলাম, মো. শাহজালাল উদ্দিন, মাহমুদুল হাসান, মো. মজিদুল ইসলাম ও সামছুল হকের স্ত্রী মর্জিনা বেগম।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনছুর আলী সরকার বলেন, তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলেজছাত্রীর আহত ভাই এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার রাতে জেলা শহরের বালাটারী গ্রামের এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ডাকা গ্রাম্য সালিসে ওই ছাত্রীর ভাইকে আসামিরা বেদম মারধর করেন। এ ঘটনায় গতকাল ‘উত্ত্যক্ত করায় সালিস, ছাত্রীর ভাইকে বেদম মারধর’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।