উত্ত্যক্তের শিকার ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর (২৫) নামের এক বখাটে উত্ত্যক্ত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধের উপক্রম হয়েছে।
উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেয়েটির বাড়িঘরে হামলা করেছেন জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা। তাঁরা ওই ছাত্রীর বাবা ও দুই চাচাতো ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেন।
ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরের বাড়ি উপজেলার বেনুয়ারচর মধ্যপাড়া গ্রামে। তিনি দুই বছর ধরে ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছেন। এখন ওই ছাত্রীর বাড়ির বাইরে বের হওয়া বন্ধের উপক্রম হয়েছে। জাহাঙ্গীর এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ কারণে জাহাঙ্গীরের বখাটেপনার প্রতিবাদ করতে এলাকার কেউ সাহস পায় না।
মেয়েটির পরিবার জাহাঙ্গীরের বাবার কাছে এর প্রতিকার চেয়েও পায়নি৷ তিনি উল্টো ছেলের পক্ষ নেন।
কিশোরীটির পরিবার আরও জানায়, গত ১৮ এপ্রিল রাতে মেয়েটি প্রাকৃতিক কাজের জন্য ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা জাহাঙ্গীর তাকে টেনেহিঁচড়ে বাড়ির পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা করেন। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে জাহাঙ্গীর পালিয়ে যান। এ ঘটনায় পরের দিন ওই ছাত্রীর চাচা বাদী হয়ে আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা ২২ এপ্রিল ওই ছাত্রীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা মেয়েটির বাবা ও দুই চাচাতো ভাইকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়৷ জাহাঙ্গীরের চাচাতো ভাই শহিদুল হককে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে জাহাঙ্গীরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।