উত্ত্যক্তের শিকার হয়ে ছাত্রীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অন্তরা নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাতে পৌর এলাকার হাতিখানা মহল্লায় এ ঘটনা ঘটে। অন্তরা সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। তার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে এলাকার বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নেয়।ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিখানা মহল্লার আইয়ুব আলী মাতব্বরের মেয়ে অন্তরা বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ওই বিদ্যালয়ে হেঁটে আসা-যাওয়া করত। পথে এলাকার বখাটেরা তাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করত। সম্প্রতি বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অন্তরার পড়াশোনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। একই সঙ্গে বিষয়টি তারা পুলিশকেও অবহিত করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অন্তরা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। অন্তরার মা হেনা বেগম বলেন, ‘বখাটেদের কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা বখাটেদের শাস্তি চাই।’ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মহল্লার বখাটে ছেলেরা অন্তরাকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টির তদন্ত চলছিল। অন্তরার মা-বাবাকে এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়। কিন্তু তাঁরা অভিযোগ দায়ের করেননি।সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, সৈয়দপুরে বখাটেদের দৌরাত্ম্য বেড়ে গেছে। শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।