উত্ত্যক্তের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় পাঁচ যুবককে জুতাপেটা ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার সাচনাবাজারে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এক সালিসে এলাকার মুরব্বিরা এ শাস্তি দেন। সালিসের রায় অনুযায়ী, ওই পাঁচ যুবক নিজেরাই নিজেদের গালে ১০টা করে জুতার বাড়ি মারেন।শাস্তি পাওয়া যুবকেরা হলেন—জামালগঞ্জের দুর্লভপুর গ্রামের রফিক মিয়া, মইনুল হক, আফরাজ মিয়া, জাহিদ মিয়া ও আকবর আলী। তাঁরা সবাই বালু-পাথর উত্তোলনের কাজ করেন। সালিস সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে সাচনাবাজার পাথরঘাটে গোসল করতে যান বাজারের এক ব্যবসায়ীর কলেজপড়ুয়া দুই মেয়ে। ওই সময় ঘাটে লাগানো একটি নৌকায় বসে ওই পাঁচ যুবক দুই মেয়েকে নানা কথা বলে উত্ত্যক্ত করেন। পরে এ নিয়ে মেয়েদের আত্মীয়স্বজন ও যুবকদের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে তিনজন সামান্য আহত হন। এ ঘটনায় শনিবার রাতে বাজারে সালিস ডাকেন ওই ব্যবসায়ী ও এলাকার মুরব্বিরা। বৈঠকে যুবকেরা তাঁদের দোষ স্বীকার করে ক্ষমা চান। পরে মুরব্বিরা তাঁদের জুতাপেটা ও জরিমানার শাস্তি দেন। সালিসে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এম নবী হোসেন। তিনি বলেন, ‘মেয়েদের উত্ত্যক্তের পর আবার তাঁদের অভিভাবকদের সঙ্গে মারামারি করায় ওই যুবকদের ওপর সবাই ক্ষুব্ধ। তাঁরা সালিসে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে জুতাপেটা ও জরিমানা করা হয় তাদের।’সালিসে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ।