উত্যক্তকারীর লাথিতে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে মেয়েকে অপহরণে বাধা দিতে গিয়ে উত্যক্তকারীর লাথিতে মারা গেছেন এক বৃদ্ধ (৭০)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।নিহত ব্যক্তির পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা চান মিয়ার ছেলে কালু মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মেয়েটিকে (২০) উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল দুপুরে এরশাদ নামের এক সঙ্গীকে নিয়ে কালু মেয়েটির বাড়ি এসে তাঁকে অপহরণের চেষ্টা চালান। মেয়েটির বাবা বাধা দিলে কালু তাঁকে এলোপাতাড়ি লাথি মারেন। এতে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে কালু ও এরশাদ পালিয়ে যান। পরিবারের লোকজন বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চিকিৎসক জানান, পেটে ও পেটের নিচে প্রচণ্ড আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবু হাসেম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে কালু ও তাঁর বাবা চান মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।