উত্সবমুখর রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক উত্সবে আনন্দমুখর রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তৃতীয় জাতীয় সাংস্কৃতিক সম্মেলন এবং বাংলাদেশ শিশু একাডেমীতে শিশু-কিশোর সাংস্কৃতিক উত্সব। নাচ, গান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে উদীচীর ‘জাতীয় সাংস্কৃতিক সম্মেলন’। সম্মেলনে উদীচীর সারা দেশের জেলা সংসদ ও শাখাগুলোর কর্মীরা অংশ নিয়েছেন নিজস্ব আয়োজন নিয়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে আনন্দঘন পরিবেশে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম। অতিথি ছিলেন কাজী আবু জাফর সিদ্দিকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।হাবিবুর রহমান উদীচীর সংগ্রামী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘স্বাধীনতার পর থেকে উদীচীকে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। নানা বাধা-বিপত্তিতেও তাদের পথচলা থামেনি, থামবে না।’ তিনি বলেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে নতুন হাওয়া আমাদের গায়ে লাগছে। এত ঘাবড়াবার কিছু নেই। এই আলোড়নের মধ্যেও আমাদের সংস্কৃতি জাগরিত থাকবে।’ উদ্বোধনী পর্ব শেষে ছিল শোভাযাত্রা।দ্বিতীয় পর্বে শুরু হয় উদীচীর বিভিন্ন জেলা ও শাখার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। জামালপুর উদীচী পরিবেশন করে ঢেঁকির গান ও নৌকাবাইচের গান। অন্যান্য পরিবেশনার মধ্যে ছিল: সংগীত, পুঁথিপাঠ, গম্ভীরা, গণসংগীত, নৃত্যনাট্য, নৃত্যগীতি-আলেখ্য ও নাটক। অংশ নেয় গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, কালিয়াকৈর, ঝিনাইদহ, দিনাজপুর, সিরাজগঞ্জ, মাদারীপুর, বরগুনা, টঙ্গী, ঢাকা মহানগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।খেলাঘরের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উত্সব শিশু-কিশোরদের উত্সবে শিশু একাডেমী চত্বর প্রাণচঞ্চল। খেলাঘরের শিশু-কিশোরেরা গানে আবৃত্তিতে মাতিয়ে রেখেছিল দর্শকদের। গতকাল বৃহস্পতিবার থেকে একাডেমী মিলনায়তনে শুরু হয়েছে তাদের তিন দিনের সাংস্কৃতিক উত্সব।উদ্বোধন করেন জাতীয় সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরী। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। সংগঠনের পতাকা উত্তোলন করেন খেলাঘরের চেয়ারম্যান পান্না কায়সার। পরে ছিল শোভাযাত্রা এবং খেলাঘরের ভাইবোনদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রামাণ্যচিত্র উত্সব‘সুন্দর আগামীর জন্য প্রামাণ্যচিত্র’ স্লোগান নিয়ে শুরু হলো মুক্তি ও মানবাধিকারবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব। এবারের উত্সবটি উত্সর্গ করা হয়েছে প্রয়াত দুই কৃতী আলোকচিত্রী সহোদর নাইব উদ্দিন আহমদ ও নওয়াজেশ আহমদের স্মৃতির উদ্দেশে।গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদীপ জ্বালিয়ে উত্সবের উদ্বোধন করেন নাইব উদ্দিন আহমদ ও নওয়াজেশ আহমদের পরিবারের সদস্যরা। উত্সব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।আজ শুক্রবার থেকে প্রতিদিন বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন ও চত্বরে মোট ২৮টি প্রামাণ্যচিত্র দর্শনীর বিনিময়ে প্রদর্শন করা হবে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমায় থাকছে তানভীর মোকাম্মেলের স্বপ্নভূমি, শবনম ফেরদৌসীর ভাষাজয়িতা, মানজারে হাসিনের অভিযাত্রী, মফিদুল হকের কান পেতে রই, ওয়াহিদুর রহমানের যুদ্ধযাত্রা এবং নিরঞ্জন দের নিভৃতচারিণী।প্রামাণ্যচিত্র উত্সবে বাংলাদেশসহ মোট ১৩টি দেশ অংশ নিচ্ছে। উত্সব পরিচালক মানজারে হাসিন জানান, মোট তিনটি বিভাগে ছবিগুলো প্রদর্শন করা হবে। এগুলো হচ্ছে: আন্তর্জাতিক বিভাগ, বাংলাদেশি প্যানোরমা এবং রেট্রোসপেক্টিভ বিভাগ। এবারে উত্সবের অন্যতম আকর্ষণ হচ্ছে প্রখ্যাত ওলন্দাজ চলচ্চিত্রকার ইয়োরস ইভেন্সের নির্বাচিত কাজের প্রদর্শনী।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। নাইব উদ্দিন আহমদ ও নওয়াজেশ আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন জাদুঘরের সদস্যসচিব মফিদুল হক এবং নাসিম আহমেদ। শেষে ফৌজিয়া খান নির্মিত উত্সবের লোগো প্রদর্শন করা হয়।আলোচনার পর ভারতের সুপ্রীয় সেন নির্মিতইয়োগা, বাংলাদেশের আহমেদ জাকী নির্মিত ইন ফ্রেম অ্যান্ড আউট অব ফ্রেম, যুক্তরাজ্যের কেন লচ নির্মিত সেপ্টেম্বর-১১ এবং মালয়েশিয়ার ফাহিম রেজা নির্মিত টেন ইয়ার বিফোর ইন্ডিপেন্ডেন্টস প্রামাণ্যচিত্রগুলো প্রদর্শন করা হয়।সিলেটে সাংস্কৃতিক মেলাসিলেটের নিজস্ব প্রতিবেদক জানান, সিলেট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দুই দিনব্যাপী জেলা সম্মেলন ও সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। বিকেল চারটায় স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্রনাথের কবিতা ও গানের বাণী লেখা বর্ণিল ফেস্টুনসহ নানা সাজে সজ্জিত আনন্দ শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সাংস্কৃতিক মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।