উত্সাহ-উদ্দীপনায় শেষ হলো প্রাণরসায়ন অলিম্পিয়াড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল গতকাল শুক্রবার সেজেছিল বর্ণিল সাজে। দিনভরই হল চত্বরে ছিল উত্সাহ-উদ্দীপনা। দেশের প্রথম প্রাণরসায়ন অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এ অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াডের স্লোগান ছিল ‘ডিএনএ বিপ্লবে শামিল হও’। এতে রাজধানীর ৩০টি স্কুল ও কলেজের ২৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে বেলুন উড়িয়ে ও শিখা প্রজ্বালন করে এর উদ্বোধন করেন জীববিজ্ঞান অনুষদের ডিন এম এ বাশার। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মামুন রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এস এ এম খায়রুল বাশার, জীববিজ্ঞান অনুষদের ডিন এম আবুল বাসার।