উথাল-পাতাল ঢেউয়ের জীবন
‘স্বামী থাকতে একবার, পরে আরও দুবার হাওরের আফালে (ঢেউ) ঘরদোয়ার ভাঙছে। শেষবার ভিটা গেছে হাওরের পেটে। দুই বছর ইশকুলের জায়গায় খুপরি বানাইয়া ছিলাম। ই-বার আইসা মাটি কাইট্যা ভিটা বানছি। ঘর বানাইছি। কিতা খরমু, বাপ-দাদার আমল থাকিই ই-রকম চলের।’হাওরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবন কাটানো, বসতভিটা হারানো সেবা রানী দাস (৬০) এভাবেই জানালেন তাঁদের কষ্টের কথা। শুধু সেবা রানীর পরিবার নয়, হাওর এলাকার অসংখ্য মানুষ জল-ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবন কাটাচ্ছে। এ যেন হাওরের বুকে উথাল-পাতাল ঢেউয়ের জীবন তাদের।সেবা রানীর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের উলুকান্দি গ্রামে। গ্রামটি এলাকার উপজেলার সবচেয়ে বড় হালির হাওরের মধ্যে পড়েছে। যেন চারদিকে থইথই জলের ওপর ভাসছে ছোট্ট গ্রামটি। গ্রামে দুটি পাড়া। তালুদকারহাটিতে ৩৫টি এবং পূর্ব হাটিতে ৩৭টি পরিবারের বাস। লোকজনের পেশা মাছ ধরা। হাওরের ভাসানপানিতে মাছ ধরেই জীবন-জীবিকা নির্বাহ করে তারা।উলকান্দি গ্রামের তালুদকারহাটির রন্টু সরকার (৮০) জানালেন, ছোটকাল থেকেই হাওরের বড় বড় ঢেউ দেখে বড় হয়েছেন তিনি। আগে হাওরে গাছগাছালি ছিল বেশি। গ্রামের চারপাশে ছিল হিজল-করচার বাগসহ বনজঙ্গলে ভরা, যে কারণে ঢেউয়ের প্রথম ধাক্কা এসবই সামলাত। এখন হাওরগুলো বৃক্ষশূন্য। ঢেউ এসে সরাসরি আঘাত করে বসতভিটায়। সেবা রানী জানালেন, তিন বছর আগে তাঁদের বসতভিটা হাওরের ঢেউয়ে বিলীন হয়ে যায়। এক ছেলে আর তিন মেয়েকে নিয়ে গ্রামের স্কুলের জায়গায় আশ্রয় নিয়েছিলেন। নিজের জমিজমা নেই। তাই মাছ ধরে ছেলে যে আয় করে তা দিয়েই সংসার চলে। হাওরের ঢেউয়ের তাণ্ডবে এ হাটির ময়না সরকার (৫৫), প্রণয় সরকার (৩৪), রন্টু সরকারকেও (৮০) বসতভিটা হারাতে হয়েছে। বর্ষা শেষে কেউ কেউ এসে মাটি কেটে আবার ভিটা তৈরি করেছে।হালির হাওরপাড়ের এই গ্রাম ঘুরে দেখা গেছে, এ বছর এখনো কারও বসতভিটা ভাঙেনি। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে স্থানীয় লোকজন গ্রামটির চারপাশের বাঁশ-বনের আড় বেঁধে রক্ষা করেছেন। এ জন্য গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন এক মাস।সুনামগঞ্জের হাওর এলাকার দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংগঠন ইন্টার কো-অপারেশন। সুনামগঞ্জে সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী এ কে ওসমান হারুনী বলেন, ‘হাওরে এই সমস্যা বহু পুরোনো। স্থানীয় মানুষের জ্ঞান কাজে লাগিয়ে স্বল্প খরচে কীভাবে এটি মোকাবিলা করা যায়, সে বিষয়টি ভাবতে হবে। এ জন্যই পরীক্ষামূলকভাবে একটি গ্রামে কাজ করা হয়েছে।’বাংলাদেশ হাওর উন্নয়ন বোর্ডের সদস্য ও সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সাংসদ এম এ মান্নান বলেন, হাওর এলাকার উন্নয়নের বিষয়টি বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ জন্য সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় হাওর বোর্ডের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে হাওর এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ও তাদের সম্পদ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।