উদার গণতান্ত্রিক মানুষ ছিলেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী। তিনি ছিলেন শান্ত, কিন্তু দৃঢ় স্বভাবের মানুষ। বাংলাদেশে যে কয়েকজন শিক্ষক জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে ছিলেন, তিনি তাঁদের একজন।
প্রয়াত জিল্লুর রহমান সিদ্দিকী স্মরণে অয়োজিত শোকসভায় কথাগুলো বলেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
জিল্লুর রহমান সিদ্দিকীকে প্রথম দেখার স্মৃতি স্মরণ করে অনুষ্ঠানের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সলিমুল্লাহ হলে তাঁকে অসাধারণ বক্তব্য দিতে দেখেছিলাম। সারা জীবন একইভাবে, অর্থাৎ শান্ত কিন্তু দৃঢ়ভাবে অসাধারণ শব্দচয়ন করে তিনি কথা বলে গেছেন। সর্বশেষ দেখা হয়েছিল বাংলা একাডেমিতেই।’
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা তাঁকে শিক্ষাবিদ হিসেবে জানি। কিন্তু তিনি প্রশাসনিক দায়িত্বও খুব অসাধারণভাবে পালন করেছেন। হল প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, রেজিস্ট্রার, উপাচার্যসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। কিন্তু প্রশাসনিক দায়িত্ব পালন করলেও তিনি আমলাতান্ত্রিক ছিলেন না।’
বর্তমান সময়ের কথা উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা যে সমাজে এখন বাস করি, সেখানে উদারনীতি নেই। আমরা একসময় চরমপন্থার দিকে ঝুঁকেছিলাম। মাঝখানে কিছুটা সময় উদারতার দিকে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা আবারও চরমপন্থার দিকেই যাচ্ছি। তবে জিল্লুর রহমান ছিলেন উদার মানুষ। হৃদয় আর উদারতা দিয়ে গণতান্ত্রিকভাবে এই জনপথে ব্যক্তির সঙ্গে সমষ্টিকে যোগ করতে চেয়েছিলেন তিনি।’
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘জিল্লুর রহমান সিদ্দিকী ছিলেন আমাদের অভিভাবকের মতো। তিনি ছিলেন শান্ত কিন্তু নৈতিকভাবে খুব শক্ত। চিন্তার সাধনায়, মত প্রকাশের স্বাধীনতায় তিনি বিশ্বাস করতেন। তাঁর গদ্য ছিল লাবণ্যময়। শব্দ চয়নে তিনি ছিলেন অসাধারণ। আমাদের দুর্ভাগ্য যে এ বছর আমরা তাঁর মতো কয়েকজন অভিভাবককে হারিয়েছি।’
সভায় জিল্লুর রহমানের উদ্দেশে কবিতা আবৃত্তি করেন কবি সৈয়দ শামসুল হক। বক্তব্য দিতে গিয়ে জিল্লুর রহমানের ছোট ভাই এ কে সিদ্দিকী বলেন, ‘আমরা আট ভাইবোন। সবার বড় ছিলেন জিল্লুর ভাই। বাবার মৃত্যুর পর তিনি আমাদের পরিবারকে আগলে রেখেছিলেন। তাঁর কারণেই আমরা আজকে ভাইবোনেরা এত দূরে আসতে পেরেছি।’
১১ নভেম্বর ইন্তেকাল করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। তাঁর জন্ম ঝিনাইদহে, ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি। ১৯৪৫ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। পরে ইংরেজি সাহিত্যে বিএ ও এমএ ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষকতা শুরু করেন ঢাকা কলেজে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সেখানে উপাচার্য ছিলেন। ১৯৯০-৯১ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন তিনি।