উদাসী টানে ভক্তরা ছুটে আসছেন বাউল ধামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বার্ষিক লালন স্মরণোত্সব। এ উপলক্ষে কুষ্টিয়ার শহরতলি ছেঁউড়িয়ায় লালন মাজার চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুষ্টিয়ার-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সুলতানা তরুণ সন্ধ্যায় উত্সবের উদ্বোধন করবেন।আয়োজকেরা জানিয়েছেন, লালন স্মরণোত্সব উপলক্ষে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে লালনের শত শত ভক্ত ও অনুসারীরা ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন। এবারই প্রথম তিন দিনের পরিবর্তে পাঁচ দিনের অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন লালন-অনুসারী বাউলেরা। সাঁইজিকে নিয়ে লালন একাডেমির নির্বাহী কমিটি ব্যবসা শুরু করেছে বলে তাঁরা অভিযোগ করেছেন। লালনভক্ত, অনুসারী ও সাধুরা প্রচলিত রীতি অনুযায়ী তিন দিনের অনুষ্ঠান করে মেলা ত্যাগ করবেন বলে জানিয়েছেন।লালন স্মরণোত্সব উপলক্ষে সারা দেশ, এমনকি বহির্বিশ্ব থেকেও ছুটে আসেন অগণিত লালনভক্ত। লালন একাডেমি ও মরা কালী নদীর পাড় ঘেঁষে বিশাল মাঠজুড়ে মেলা বসছে বাউল সাধুদের। সরেজমিনে দেখা যায়, মূল আখড়াবাড়ি প্রাঙ্গণ ও এর সামনের বিশাল মাঠে এখন সাজসজ্জার কাজ শেষ। সেখানেই শত শত লালনভক্ত, সাধু-বাউল ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। যেন কোন এক উদাসী টানে দূরদূরান্ত থেকে তাঁরা ছুটে আসছেন এ বাউল ধামে।লালন-অনুসারী বাউল নিজাম উদ্দিন শাহ বলেন, ‘সাঁইজি জীবিত থাকতে ছেঁউড়িয়ার মরা নদীর তীরে দুই দিনের অনুষ্ঠান করতেন। সারা দেশ থেকে তখন বাউলেরা আসতেন। গুরুর টানে আমরা এখানে ছুটে আসি। গুরুকে নিয়ে ব্যবসা শুরু করেছেন লালন একাডেমির নির্বাহী কমিটির কর্মকর্তারা। তাই এখনই এ ব্যবসা বন্ধ করার দাবি জানাই।’ প্রায় একই কথা বললেন বাউল জাহাঙ্গীর, এনামুল ও রহিম।নাম প্রকাশে অনিচ্ছুক লালন একাডেমির নির্বাহী কমিটির এক সদস্য বলেন, ‘অনুষ্ঠান পাঁচ দিন করা নিয়ে নির্বাহী পর্ষদ এখন দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। বেশির ভাগ সদস্যের মতামত উপেক্ষা করে একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান একক সিদ্ধান্তে তিন দিনের স্মরণোত্সব পাঁচ দিন অনুমোদন করিয়ে নিয়েছেন।’সাধারণ সম্পাদক তাইজাল আলী খান প্রথম আলোকে বলেন, কার্যনির্বাহী পরিষদের আলোচনায় সবার মতামতের ভিত্তিতেই এবারের অনুষ্ঠান পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া দেশের দূরদূরান্ত থেকে অসংখ্য লালনভক্ত-অনুসারীরা আসেন। তাঁদের আসতে-যেতে দুদিন লেগে যায়।’