উদাসীন সিটি করপোরেশন নিয়ম মানে না হাসপাতালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকলেই প্রথমে যে কারও নাকে আসবে তীব্র দুর্গন্ধ। এগুলো হাসপাতালের পেছনে রাখা বর্জ্যের গন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষের সবচেয়ে বড় মাথাব্যথা এখন এসব বর্জ্য। সিটি করপোরেশন সময়মতো এসব বর্জ্য অপসারণ করে না বলে অভিযোগ পাওয়া গেছে।
চিকিৎসা বর্জ্য আইন মানছে না চট্টগ্রামের হাসপাতালগুলো। কোনো হাসপাতালেরই বর্জ্য ধ্বংসের নিজস্ব ব্যবস্থাপনা নেই। নিয়ম অনুযায়ী ইনসাইনেরেটের, অটোক্ল্যাভিংয়ের মাধ্যমে এসব বর্জ্যকে জীবাণুমক্ত করতে হবে। এমনকি একটি হাসপাতালও কালার কোড অনুযায়ী বর্জ্যগুলো আলাদা পাত্রে রাখছে না। বেশির ভাগ হাসপাতালই সাধারণ বর্জ্যের সঙ্গে যত্রতত্র ফেলছে বিপজ্জনক এসব বর্জ্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক যুগ আগে একটি ইনসাইনেরেটর কেনা হলেও আজ অবধি সেটি চালু হয়নি।
পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর এসব বর্জ্য অপসারণে দায়সারা ভূমিকা পালন করছে চট্টগ্রাম সিটি করপোরেশনও। একটি বেসরকারি সংস্থাকে চিকিৎসা বর্জ্য অপসারণের দায়িত্ব দেওয়া হলেও তাদের নেই কোনো ধরনের পরিশোধন ব্যবস্থা।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, চিকিৎসা বর্জ্য বিষয়ে আইন থাকলেও এর কোনো প্রয়োগ নেই। আইন মানা না হলে শাস্তি কী হবে, সেটিও পরিষ্কার নয়। ফলে গুরুত্বপূর্ণ এ ইস্যুটি আড়ালেই থাকছে।
বর্জ্য ব্যবস্থাপনা তদারকির মূল দায়িত্ব সিটি করপোরেশনের হলেও তারা এ ক্ষেত্রে উদাসীন। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব তারা দিয়েছে ইনোভেশন সেবা সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। আইন অনুযায়ী, সিটি করপোরেশনের পরিবর্তে অন্য কোনো বেসরকারি সংস্থা বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা করতে পারবে। সে ক্ষেত্রে তাদের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। কিন্তু ইনোভেশন সেবা সংস্থার বর্জ্য ব্যবস্থাপনার কোনো আনুষঙ্গিক যন্ত্রপাতি ও সরঞ্জাম নেই। এ কারণে আবেদন করার পরও তাদের ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর।
এ প্রসঙ্গে ইনোভেশনের চেয়ারম্যান মতিউর রহমান খান জানান, এসব যন্ত্রপাতি কেনার সামর্থ্য তাঁদের নেই। সিটি করপোরেশনের কাছও তাঁরা কোনো সহযোগিতা পাচ্ছেন না। সে কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ব্লিচিং পাউডার ব্যবহার করে ক্ষতিকর বিষাক্ত বর্জ্যগুলোকে মাটিচাপা দিচ্ছেন তাঁরা।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, ১০-১৫ কোটি টাকা হলেই চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব এখানে। সিটি করপোরেশন চাইলেই এ অর্থ ব্যয় করতে পারে। কিন্তু বর্জ্যের বিষয়ে তাদের তেমন কোনো উদ্যোগ নেই।
সিভিল সার্জন কার্যালয়ের হিসব অনুযায়ী, চট্টগ্রামে বৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ২০২টি। এর বাইরেও রয়েছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, প্রতিদিন ২০ টনের বেশি চিকিৎসা বর্জ্য তৈরি হয় হাসপাতালগুলোতে। গত আড়াই বছরে ইনোভেশনের সঙ্গে চুক্তিতে এসেছে মাত্র ৮২টি হাসপাতাল। বাকিগুলোকে তাগাদা দেওয়ার পরও চুক্তিতে আসছে না বলে দাবি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
হাসপাতাল বর্জ্যের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সিটি করপোরেশন পরস্পরকে দোষারোপ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ধরনা দেওয়া না হলে প্রতিদিন এসব বর্জ্য নেয় না করপোরেশন।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী এ বিষয়ে বলেন, চট্টগ্রামের বর্জ্য অপসারণের দায়িত্ব ইনোভেশনের, সিটি করপোরেশনের নয়। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার ইনোভেশনের সঙ্গে চুক্তিতে আসার জন্য বলা হলেও তারা কান দেয়নি।
তবে বিষয়টি অস্বীকার করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বলেছেন, এ ধরনের কোনো সংস্থার নাম তিনি শোনেননি। নগদ অর্থের বিনিময়ে হলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত বর্জ্য অপসারণ চান।