উদীচী ট্র্যাজেডি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী ট্র্যাজেডি মামলায় ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যশোরের মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেলে এ পরোয়ানা জারি করেন।যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন, যশোর শহরের মহিউদ্দীন আলমগীর, আহসান কবির ওরফে হাসান, মিজানুর রহমান ওরফে মিজান, মেহেদী হাসান ওরফে রিটু, শরিফুল ইসলাম ওরফে মিন্টা ও সোহরাব। এর মধ্যে হাসান ও মিজান দুই সহোদর তত্ত্বাবধায়ক সরকারের সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মহিউদ্দীন আলমগীর হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাকি তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।সম্প্রতি রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত আপিলটি আমলে নিয়ে খালাস পাওয়া ২৩ আসামিকে যশোরের মুখ্য বিচারিক আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার জন্য আদেশ দেন। সে অনুযায়ী মামলার অভিযুক্ত ১৭ জন হাজির হয়ে জামিন নেন। বাকি ছয়জনের তিনজন এরই মধ্যে মারা গেলেও আদালতের কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য-প্রমাণ না থাকায় আদালত সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ জেড এম ফিরোজ বলেন, বিএনপি সরকারের সময় যশোরের মুখ্য বিচারিক আদালত উদীচী মামলায় ২৩ আসামিকে বেকসুর খালাস দেন। ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোরে অনুষ্ঠিত উদীচীর কেন্দ্রীয় সম্মেলনে বোমা হামলা চালানো হয়। এতে উদীচীর ১০ জন কর্মী নিহত হন।