উদীচী ট্র্যাজেডির ১২তম বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী ট্র্যাজেডির ১২তম বার্ষিকী আজ ৬ মার্চ রোববার। ১৯৯৯ সালের এই দিনে যশোর টাউন হলের মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সম্মেলনে বোমা হামলায় ১০ জন সাংস্কৃতিক কর্মী নিহত ও অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেন।দিবসটি উপলক্ষে যশোরে আজ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে যশোর টাউন হলের মাঠে নির্মিত শহীদ স্মারকে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও প্রতিবাদী সংগীতানুষ্ঠান। উদীচী হত্যা মামলা পুনঃ তদন্ত আন্দোলন কমিটি এ দিনটি ‘সংস্কৃতি রক্ষা দিবস’ হিসেবে পালন করে আসছে। উদীচী যশোর জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সোমেশ মুখার্জি প্রথম আলোকে বলেন, ‘মামলার সুষ্ঠু বিচার হয়নি। আমরা এ হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ মামলার বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ জেড এম ফিরোজ জানান, মামলার রায় সঠিক হয়নি—এই মর্মে উচ্চ আদালতে একটি আপিল আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি গ্রহণ করেছেন। বর্তমানে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে।