উদীচী মামলার নথি আদালতে তলব
যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা মামলার সব নথিপত্র তলব করা হয়েছে। একই সঙ্গে খালাসপ্রাপ্ত সব আসামিকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা পৃথক মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে দেরিতে আপিল করায় কেন তা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।উদীচী হত্যাকাণ্ডের সময় বোমা হামলার ঘটনায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে পৃথক দুটি আবেদন করে। একটি হত্যার ঘটনায় রায়ের বিরুদ্ধে ও অন্যটি বোমা হামলার মামলায় আসামিদের খালাস দেওয়ার বিরুদ্ধে।এদিকে সরকারের পক্ষে মামলা পরিচালনাকারীদের অন্যতম সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুর রকিব প্রথম আলোকে আরও জানান, আদালত বোমা হামলার মামলায় নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করে সব আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। যশোরের একটি বিচারিক আদালত ২০০৬ সালের ২৮ মার্চ এক রায়ে সব আসামিকে খালাস দিয়েছিলেন। গতকাল আদালতের ওই আদেশের পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের টাউন হল ময়দানে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে গভীর রাতে বোমা হামলা চালানো হয়। এতে ১০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। সিআইডির তদন্ত শেষে ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।