উদীচী স্মরণ করল সরদার ফজলুল করিমকে

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ, জ্ঞানতাপস এবং উদীচীর সাবেক উপদেষ্টা অধ্যাপক সরদার ফজলুল করিমকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শনিবার বিকেল চারটায় সরদার ফজলুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ করে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদের গ্রন্থাগার ও পাঠচক্র বিভাগ।
উদীচী ঢাকা মহানগর সংসদের সহসভাপতি কাজী নিবাস দের সভাপতিত্বে এতে সরদার ফজলুল করিমের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল। উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদের অন্য নেতা-কর্মীরাও এতে অংশ নেন। সরদার ফজলুল করিম গত বছরের ১৫ জুন মারা যান।