প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলার লাখো মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। তারা ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তা ও বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ অবস্থায় দেশব্যাপী ত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। দেশের বিভিন্ন স্থানে উদীচীর জেলা ও শাখা সংসদ নগদ টাকা, খাদ্য, ওষুধসহ নানা ত্রাণসামগ্রী সংগ্রহ করে কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে উপদ্রুত জেলাগুলোতে পাঠাবে। ইতিমধ্যে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। উদীচী ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।