উদীচীর গানে বায়ান্ন থেকে একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেরাগী পথের হাট আয়োজিত গানের আসরে উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পরিবেশনা
চেরাগী পথের হাট আয়োজিত গানের আসরে উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পরিবেশনা

চেরাগী পাহাড়ের লোকারণ্যে উদ্দীপ্ত কণ্ঠের গান যেন নতুন স্পন্দন তৈরি করল। গানে গানে ছড়াল অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনা। শ্রোতারাও মন্ত্রমুগ্ধ প্রতিবাদী গানে। উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা গাইলেন দেশের গান, মানুষের গান। পরিবেশনার শিরোনামও ছিল ‘বায়ান্ন থেকে একাত্তর’।
১৮ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের চেরাগী পাহাড়ে সাংস্কৃতিক সংগঠন চেরাগী পথের হাটের উদ্যোগে আয়োজন করা হয় এই গানের আসর। আয়োজনে অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। গানের পাশাপাশি ছিল ইতিহাসের বিভিন্ন পেক্ষাপট নিয়ে আলোচনা। এক ঘণ্টার আসরে ব্রিটিশবিরোধী আন্দোলন, দেশভাগ, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা–পরবর্তী সময়কাল নিয়ে আলোচনা করেন উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তাফহীমুল সিফাত।
‘মোদের গরব, মোদের আশা’ গান দিয়ে অনুষ্ঠানের শুরু। এরপর একে একে শিল্পীরা পরিবেশন করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, ‘অধিকার কে কাকে দেয়’, ‘শোন একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠ’, ‘গেরিলা আমরা, আমরা গেরিলা’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘জয় বাংলা, বাংলার জয়’ ও ‘মুক্তির মন্দিরে সোপানে তলে’ গানগুলো। সবশেষে গেয়ে শোনান ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ এই গানটি। উদীচীর এই গানটি হৃদয়স্পর্শী হয়ে পরিণত হয়েছে অসাম্প্রদায়িক চেতনায়। সব মিলিয়ে নয়টি গান ও সংলাপে যেন উঠে এল এ দেশের এক অগ্নিগর্ভ সময়কাল। সমবেত কণ্ঠে অংশ নেন প্রীতম ভট্টাচার্য, ধর্মরাজ তঞ্চঙ্গ্যা, রফিকুল ইসলাম, সোমা, প্রিয়তি ও বনী। তবলায় ছিলেন তপন শীল ও সৈকত ভট্টাচার্য, কিবোর্ডে অভিজিৎ সিনহা ও হারমোনিয়ামে ছিলেন প্রীতম ভট্টাচার্য।