উদীচীর দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন কাল
উদীচীর উদ্যোগে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন। ওই দিন বিকেল তিনটায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে কনভেনশনের উদ্বোধন করবেন তিন প্রবীণ বিপ্লবী কামাক্ষ্যা রায় চৌধুরী, কমরেড জসিম উদ্দিন ও অধ্যাপক যতীন সরকার।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এসব তথ্য তুলে ধরেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনভেনশন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শংকর সাওজাল, উদীচীর সহসভাপতি শিবানী ভট্টাচার্য, সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, প্রচার সম্পাদক কংকন নাগ প্রমুখ।
কনভেনশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। কনভেনশনে এমন একজনকে হাজির করা হচ্ছে, যিনি বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। তিনি এরশাদ আলী।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, জাপানসহ বেশ কয়েকটি দেশের সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামে লিপ্ত বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচীর এ কনভেনশনে যোগ দেবেন।