উদীচীর দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন শুরু ১৯ ফেব্রুয়ারি
‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন’ করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ১৯ ফেব্রুয়ারি কনভেনশন শুরু হবে। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কর্মসূচির কথা জানান উদীচীর সভাপতি কামাল লোহানী। তিনি বলেন, এতে সারা দেশে উদীচীর তিন শতাধিক শাখা সংগঠনের প্রতিনিধি এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, জাপানসহ বিভিন্ন দেশের প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
কামাল লোহানী বলেন, গণসংগীতের প্রচার-প্রসার এবং একে স্বতন্ত্র ধারার প্রতিষ্ঠার লক্ষ্যে সপ্তমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। সংস্কৃতির বিনিময় এবং সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে উদীচী দক্ষিণ এশিয়ায় শিল্পীকর্মীদের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।
মতবিনিময় সভায় জানানো হয়, কনভেনশনে উন্মুক্ত চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে অংশ নিতে এরই মধ্যে সব চিত্রশিল্পীকে তাঁদের অঙ্কিত চিত্রকর্মের আলোকচিত্র পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে উদীচী। চিত্রকর্মের বিষয় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার প্রভাব। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে চিত্রকর্ম জমা দেওয়া যাবে।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার।