উদীচীর দুই দিনব্যাপী চট্টগ্রাম জেলা সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে উদীচী সব প্রগতিশীল সংগঠনকে নিয়ে কাজ করে চলেছে। বাংলাদেশে উদীচীর ভূমিকা আজ কারও অজানা নয়। প্রতিক্রিয়াশীলদের একের পর এক হামলাসহ নানা ধরনের বাধাবিঘ্ন এই সংগঠনটিকে দমাতে পারেনি। উদীচী সমমনা সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশের আপামর জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরের ডিসি পাহাড়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম জেলা সংসদের সপ্তদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেছেন সংগীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী।

উদ্বোধনের সময় ওস্তাদ মিহির নন্দী বলেন, পাকিস্তানের শাসনামলে যখন এ দেশের মানুষ মানবতাহীন শোষণে জর্জরিত হচ্ছিল, তখন সত্যেন সেন প্রতিবাদী সুর তুলতে উদীচী প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উদীচী এ দেশের সব আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। উদীচীর নাম আজ দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে।

উদ্বোধনের পর ডিসি পাহাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নন্দনকানন হয়ে শহীদ মিনার ঘুরে আবারও ডিসি পাহাড়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে তিন গুণীজনকে সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান হয়। এবারের সম্মেলনে সম্মাননা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন প্রয়াত সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস (মরণোত্তর), শিক্ষাবিদ হাসানুজ্জামান চৌধুরী ও শিশু সংগঠক মোহাম্মদ ইউসুফ। প্রয়াত রণজিৎ বিশ্বাসের পক্ষে সম্মাননা নেন তাঁর ভাই প্রদীপ চৌধুরী।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও শহীদজায়া বেগম মুশতারী শফির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সম্পাদকমণ্ডলীর সদস্য কংকন নাগ, সুনীল ধর, খেলাঘর মহানগরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, সমাজসেবক মফিজুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, চট্টগ্রাম বিভাগীয় আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ।

আলোচনায় উদীচীর নেতারা অভিযোগ করে বলেন, বিভিন্ন জেলায় সম্মেলনে বাধা দেওয়া হচ্ছে উদীচী শিল্পীগোষ্ঠীকে। সাম্প্রদায়িক রাজনীতি জিইয়ে রাখার চেষ্টা করছে সরকার। অসাম্প্রদায়িক রাষ্ট্রের কোনো রাষ্ট্রধর্ম থাকতে পারে না। দেশে আজও একাত্তরের পরাজিত শক্তি ঘুরে বেড়াচ্ছে। ঐক্যবদ্ধভাবে এদের রুখে দিতে হবে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারী ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
আলোচনা শেষে গান, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। সম্মেলনের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।