উদীচীর পতাকা বিতরণ
বিজয় দিবস উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা বিতরণ করেছে। গতকাল শুক্রবার সকালে নগরের চেরাগী পাহাড়, মোমিন রোড ও আন্দরকিল্লা এলাকায় পতাকা বিতরণ করেন সংগঠনের সদস্যরা। পরে সন্ধ্যায় চেরাগী পাহাড় চত্বরে সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি সুনীল ধর বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা বিতরণ করেছি আমরা। এর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে যেন দেশাত্মবোধ জাগ্রত থাকে।’
পতাকা বিতরণ করার সময় উপস্থিত ছিলেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, সহসাধারণ সম্পাদক জয় সেন, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ। এর আগে গতকাল সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। চেরাগী চত্বরে দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করে উদীচী।