উদীচীর রণেশ দাশ স্মরণ
বিশাল প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বলছে। সামনে গাঁদা, গোলাপের পাপড়ি ছড়ানো। কারও ছবির সামনে প্রদীপ জ্বললে, ফুল ছড়ানো থাকলে বোঝাই যায় তিনি নেই। রণেশ দাশগুপ্ত নেই। কিন্তু আছে তাঁর কাজ। তিনি আছেন অনুরাগী, অনুসারীদের মনে। গতকাল শুক্রবার তাঁকে স্মরণ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।মানবমুক্তি, সাম্য ও কল্যাণের আদর্শে উজ্জীবিত একাগ্র জ্ঞানসাধক, সাহিত্যিক-সাংবাদিক ও উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১৪তম প্রয়াণবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর বিকেলে সংগঠনের কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। আলোচক ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম, নিবাস দে, এম এ আজিজ মিয়া প্রমুখ।স্মরণসভার শুরুতে সংগীত পরিবেশন করেন মহানগর সংসদের শিল্পীরা। এর আগে রণেশ দাশগুপ্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচকেরা বলেন, ‘রণেশ দাশগুপ্ত ছিলেন ঋষিতুল্য এক ব্যক্তিত্ব। রণেশ দাশগুপ্তের নিষ্ঠা, আদর্শ প্রকাশে তাঁর অনুচ্চ কিন্তু দৃঢ় উচ্চারণ প্রতিপক্ষকেও তাঁর প্রতি শ্রদ্ধান্বিত করে। তিনি একাধারে ছিলেন সাংবাদিক, তাত্ত্বিক, রাজনীতিক, সংগঠক, সাহিত্যবোদ্ধা ও সমালোচক।রণেশ দাশগুপ্ত ১৯১২ সালের ১৫ জানুয়ারি আসামের ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৯-৪০ ঢাকায় প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। পাকিস্তান আমলে বাংলা ভাষার পক্ষে প্রচারণা চালানোর জন্য তিনি কারাদণ্ড ভোগ করেন। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি পুনর্গঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৫৭ সালে ঢাকার শাঁখারীবাজার-তাঁতীবাজার-ইসলামপুর এলাকা থেকে মিউনিসিপ্যালিটির ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। ১৯৫৮ সালে সহকারী সম্পাদক হিসেবে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় যোগ দেন। ১৯৭১ সালে শিল্পী-বুদ্ধিজীবীদের সংগঠিত করার কাজ করেন। ১৯৯৭ সালের ৪ নভেম্বর তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।