উদীচীর সত্যেন সেন গণসংগীত উৎসব মঙ্গলবার থেকে শুরু
‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্ব প্রাণ’ মর্মবাণী উপজীব্য করে ২৮ মার্চ শুরু হচ্ছে উদীচীর তিন দিনের ‘অষ্টম সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। উৎসবে দেশ-বিদেশের খ্যাতিমান লেখক-শিল্পী-সংগ্রামী-সংস্কৃতিকর্মীরা যোগ দেবেন। প্রথমবারের মতো প্রকাশিত হবে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনের গানের অ্যালবাম।
গতকাল শনিবার রাজধানীর তোপখানায় উদীচীর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার ও সহসভাপতি হাবিবুল আলম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কাজী মোহাম্মদ শীশ, শিবানী ভট্টাচার্য, অমিত দে, প্রদীপ ঘোষ, ইকবাবুল হক খান ও উৎসব প্রচার উপপরিষদের আহ্বায়ক একরাম হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ মার্চ বিকেল চারটায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। বক্তৃতা করবেন সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম এবং গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের অনুসারী পূরবী মুখোপাধ্যায় ও অমিতাভ মুখোপাধ্যায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় জামসেদ আনোয়ার বলেন, এ দেশের প্রতিটি গণ-আন্দোলনে এবং সমাজ প্রগতির লড়াইয়ে গণসংগীত এক অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রেখেছে। গণসংগীতের আবেদন দেশব্যাপী সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে এবং নতুন ও প্রতিভাধর শিল্পীদের গণসংগীতের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে অষ্টমবারের মতো উদীচী এই প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করেছে।