উদীচীর সম্পাদককে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক প্রিতম সাহাকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কিছু কর্মী। গত মঙ্গলবার রাতে ছাত্রীদের তাপসী রাবেয়া হলের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উদীচীর সাধারণ সভা শেষে ছাত্রীদের হলে পৌঁছে দিতে যান সংগঠনের সাধারণ সম্পাদক প্রিতম সাহাসহ সংগঠনের কয়েকজন কর্মী। মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদীচীর এক ছাত্রী কর্মীকে অনুসরণ করছিলেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। তাঁদের একজন ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ওই ছাত্রীকে হলে পৌঁছে দেওয়ার পর কৃষি ব্যাংক ভবনের সামনে প্রিতম সাহাকে ডেকে নেন ছাত্রলীগের কর্মীরা। তাঁকে পিটিয়ে পাশের একটি নালায় ফেলে দেন তাঁরা। পরে সাধারণ শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে হলে পৌঁছে দেন।
প্রিতম সাহা আগেই ছাত্রলীগের কর্মীদের ওই ছাত্রীকে উত্ত্যক্ত না করতে বলেছিলেন বলে জানা যায়।
প্রক্টর অধ্যাপক শহীদুর রহমান খান জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।