উদীচীর সম্মেলন
‘বাঁচাও ধরিত্রী, প্রকৃতি ও প্রাণ-গাহি সবে জীবনের জয়গান’ স্লোগানে রংপুরে গতকাল দুই দিনব্যাপী উদীচীর সম্মেলন শুরু হয়েছে। বেলা তিনটায় পাবলিক লাইব্রেরি মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কুড়িগ্রামের বিশিষ্ট লোকসংগীত শিল্পী ভূপতি ভূষণ বর্মা। উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লাইব্রেরি মাঠে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল জলিল। আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাশ্বত ভট্টাচার্য, মহিলা পরিষদের জেলা সভাপতি হাসনা চৌধুরী, খেলাঘরের জেলা আহ্বায়ক কোহিনুর বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম, সাউন্ড টাচের সভাপতি মাজেদুর রহমান, শিক্ষক রওশানুল সংগ্রাম প্রমুখ। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। আজ শুক্রবার বেলা তিনটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হবে। নিজস্ব প্রতিবেদক, রংপুর