উদীচীর সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক কনভেনশন শুরু
উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ঢাকায় তিন দিনব্যাপী ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমিতে এই কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
একাডেমি প্রাঙ্গণে কনভেনশনের উদ্বোধন করেন কামাক্ষ্যা রায় চৌধুরী, জসিম উদ্দীন মণ্ডল ও যতীন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণহীন সমাজের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো সব প্রত্যাশা পূরণ হয়নি। অসাম্প্রদায়িক, মানবিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে প্রতি পদে বাধার মুখে পড়তে হচ্ছে। স্বাধীনতাবিরোধী শক্তি নানাভাবে অস্থিরতা তৈরি করছে, ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
যতীন সরকার বলেন, মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, যুদ্ধ ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও। এখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে না পারলে কপটতা হবে। জসীম উদ্দিন মণ্ডল বলেন, সারা বিশ্বে সাম্রাজ্যবাদ ধর্মের উসকানি, সুড়সুড়ি দিচ্ছে। দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উদীচীর সভাপতি কামাল লোহানী বলেন, সাম্রাজ্যবাদই এখন আসল শত্রু। তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। তিনি জানান, তিন দিনব্যাপী এই কনভেনশন শেষে ২১ ফেব্রুয়ারি ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হবে।