উদীচীর ২০তম জাতীয় সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই মুহূর্তে নানা ধরনের দানবের কবলে বাংলাদেশ। একদিকে রয়েছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী দানবের আগ্রাসন, অন্যদিকে জঙ্গিবাদের উত্থান, উগ্র ধর্মভিত্তিক মৌলবাদ, ধর্মকে আশ্রয় করে সাম্প্রদায়িক আগ্রাসন।’

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন বক্তারা। ‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

এরপর উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শংকর সাঁওজালের গ্রন্থনা ও নির্দেশনায় বিশেষ পরিবেশনা তুলে ধরেন উদীচীর সদস্যরা। উদ্বোধনী পরিবেশনা শেষে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং ভাষাশহীদদের স্মৃতির উদ্দেশে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার সাঈদ হায়দার।